গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া রেলওয়ে স্টেশন থেকে অচেতন অবস্থায় অজ্ঞাত দুই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের মুমূর্ষু অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে স্থানান্তরের পরও এখনো ফিরেনি জ্ঞান।
রেলওয়ে পুলিশ, স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্র জানায়, রোববার (৩১ মে ) সকাল ১০টার দিকে বোনারপাড়া স্টেশনে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে বোনারপাড়া রেলওয়ে পুলিশ তাদেরকে চিকিৎসার জন্য বেলা সাড়ে ১১টার দিকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসা শুরু হলেও ধীরে ধীরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার (১ জুন) গাইবান্ধা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে র্দীঘ সময় পার হলেও তাদের জ্ঞান ফিরেনি।
বোনারপাড়া রেলওয়ে থানার এসআই জিয়াউর রহমান জিয়া বলেন, সকালের দিকে ওই দুই ব্যক্তিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের এখনও জ্ঞান ফেরেনি। বিষয়টি সিআইডিকে অবগত করা হয়েছে। তারা দ্রুতই বায়োমেট্রিক টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করবেন।
এদিকে ৪৮ ঘণ্টা পার হলেও তাদের পরিচয় সনাক্ত না হওয়ায় মধ্য উদ্বেগ সৃষ্টি হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, মুমূর্ষু দুই ব্যক্তিকে হয় রোহিঙ্গা না হয় ভারত থেকে পুশইন করা হয়েছে।
স্থানীয় কামাল শেখ বলেন, দেশের বর্তমান যে অবস্থা অপরিচিত লোক দেখলেই সন্দেহ লাগে।
গাইবান্ধা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) আসিফ রহমান বলেন, ‘ওই দুই রোগীকে এখানে ভর্তি করা হয়েছে। বিষয়টি গুরুতের সঙ্গে দেখছি। প্রয়োজনে আরও উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’
আনোয়ার আল শামীম/এএইচ/জেআইএম

