আমার মেয়ে অবশ্যই বিচার পাবে। সব সহযোদ্ধাকে নিয়ে আমি মাত্র একটা ধাপ পেরোলাম।এমনই মন্তব্য করেছেন আরজি করে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার ভুক্তভোগীর মা রত্মা দেবনাথ। দীর্ঘ ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস।
এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির ঝড়ে তছনছ হয়ে গেল মমতা ব্যানার্জী তৃণমূল কংগ্রেস। চলতি বিধানসভার নির্বাচনের নজর করা আসনটি ছিল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার জেলার পানিহাটি বিধানসভা কেন্দ্রটি। ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন আরজি করের নির্যাতিতার মা রত্না দেবনাথ।
পানিহাটি বিধানসভার কেন্দ্রেটির দিকে সবার নজর ছিল। এই কেন্দ্রটি থেকে প্রায় ২৯ হাজার ভোটে জয়ী হয়েছেন রত্মা দেবনাথ।
আরজি করে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার ভুক্তভোগীর মা রত্মা দেবনাথ বলেন, এই জয় আমাদের সব যোদ্ধাদের জন্য যারা দীর্ঘদিন আমাদের সঙ্গে লড়াই করেছেন এবং সব পানিহাটি বাসীর জয়। আমি আগেই বলেছিলাম এই ঘোষ পরিবার (তৃণমূল কংগ্রেসের প্রার্থী তীর্থঙ্কর ঘোষ) থেকে পানিহাটিকে মুক্ত করতে চাই। আমি সেটা পেরেছি।
রত্মা দেবনাথ আরও বলেন, আমিও বলেছিলাম তৃণমূলকে মূল সমেত উপরে ড্রেনে ফেলবো। গঙ্গা নদীতে ও ফেলবো না তাতে গঙ্গা নদী অপবিত্র হবে। বিজয় আমি মোদীজিকে উৎসর্গ করবো। সারা বিশ্ব আমার মেয়েকে যেভাবে তাদের ঘরের মেয়ে ভেবেছিল, তার যোগ্য জবাব দিয়েছে পুরো পশ্চিমবঙ্গ।
এরপরেই মা রত্না দেবনাথ বলেন, আমাকে অনেকেই কটু কথা বলেছেন। কিন্তু সেই জায়গাটা উপেক্ষা করে, পশ্চিমবঙ্গ জবাব দিয়েছে যে তারা আমার পাশে আছে।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পরাজয়ের বিষয়ে বলতে গিয়ে রত্না দেবনাথ বলেন, আমি জেল যাত্রা দেখতে চাই। ওনার এবং ওনার ভাইপোর।
রত্না দেবনাথ আরও বলেন, আমার মেয়ে অবশ্যই বিচার পাবে। আমি মাত্র একটা ধাপ পেরোলাম সব সহযোদ্ধাকে নিয়ে। এটা শুধু আমার মেয়ের বিচার নয়, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই কোনো সুরক্ষা নেই। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি যখন বলেন, রাত আটটার পর মেয়েরা বাইরে বেরোবে না। মেয়েদের নাইট ডিউটি দেওয়া হবে না। সেই দুর্নীতি থেকে আমরা বাংলার মা বোনেরাও মুক্ত হলাম।
এই জয়ের পর আপনার কন্যার বিচার কি পাবেন ? এই প্রশ্নের জবাবে রত্না দেবনাথ বলেন, বিচার আমি পাব এই দৃঢ় মানসিকতা আমার আছে। সেই জায়গার একটা ধাপ আমি এগোলাম। আগামী ১২ তারিখে হাইকোর্টে শুনানি আছে। আমার আইনজীবীদের সঙ্গে বসে কথা বলতে হবে। এটা আদালতে চলবে। কিন্তু এই যে এটা মানুষের জয় তাদের জন্যও আমাকে কাজ করতে হবে।
রত্না দেবনাথ-এর কথায়, এক ঘোষ পরিবারই আমার মেয়ের মৃতদেহটা কেও জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল। তারা মিথ্যে কথা ছাড়া বলতে জানে না। আমি পেরেছি পানিহাটিবাসীকে সেই অভিশাপ থেকে মুক্ত করতে।
বিধানসভায় গিয়ে প্রথমে আপনি কি প্রশ্ন করতে চান এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মেয়ে যে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির জন্য মারা গেছে, তাকে খুন করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিটা কতটা গভীরে আমি সেটা নিয়ে কথা বলবো।
ডিডি/টিটিএন

