বাংলাদেশের কিংবদন্তী অভিনেত্রী ডলি জহুর। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোশ্যাল মিডিয়ায় দর্শকদের নেতিবাচক মন্তব্যে নিজের গভীর ক্ষত ও আক্ষেপের কথা জানিয়েছেন এই গুণী শিল্পী।
তিনি বলেন, ‘বয়স্ক আর্টিস্টদের কেউ পছন্দ করে না। এটা সত্যি কথা আমাদের দেশে।’
ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় বরাবরই দর্শকদের অফুরান ভালোবাসা পেয়েছেন। তবে বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়া কালচার তাকে ভাবিয়ে তুলেছে। ডলি জহুর আক্ষেপ করে বলেন, ‘আজকাল আমার দর্শক আমাকে আর ভালোবাসে না। ভালোবাসে না বলেই চট করে একটা কমেন্ট করে ফেলে। সেই কমেন্টে যে একটা মানুষের ভিত নড়ে যেতে পারে, সেটা তারা বুঝতে পারে না।’

দীর্ঘ অভিনয় জীবনে সমালোচনার মুখে পড়তে হবে এমনটা কখনো কল্পনাতেও ছিল না এই অভিনেত্রীর। তার কথায়, ‘আমি কখনও ভাবিনি যে কেউ আমাকে নেগেটিভ কোনো কথা বলবে। আল্লাহর কসম, কখনও ভাবিনি আমি। কিন্তু এটাও যে মানুষ বলে, সেটা আমি এখন বুঝতে পারছি। যাই হোক, বুঝে কোনো লাভ নেই। ভালো নাও বাসতে পারে। বয়স হলে বয়স্ক আর্টিস্টদের কেউ পছন্দ করে না, সেটাও সত্যি কথা আমাদের দেশে।’
নিজের প্রাপ্তি আর ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, ‘৫০ বছরে অনেক প্রাপ্তি ছিল, অনেক পেয়েছি, দর্শকের ভালোবাসা পেয়েছি। আমাকে দেখার যে আগ্রহগুলো দেখতাম, ভালো লাগত। কিন্তু এখন জানি না, আমার মারা যাওয়ার পর কেউ দোয়া করবে কি না। কেউ বলবে কি না আহারে বেচারি মারা গেছে! তখন তো দেখতেও পাব না, জানতেও পারব না। যাই হোক, ওসব কথা বলে লাভ নেই।’

জাতীয় চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ডলি জহুর আজীবন সম্মাননাসহ অভিনয়ের জন্য একুশে পদকও পেয়েছেন। টেলিভিশন নাটকে দীর্ঘদিন নিয়মিত কাজ করলেও সিনেমা থেকে অনেকটাই দূরে ছিলেন তিনি। দেড় শতাধিক সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে শক্ত অবস্থানও তৈরি করেছিলেন ডলি জহুর।
প্রায় এক যুগ বিরতির পর আবারও সিনেমায় ফিরছেন অভিনেত্রী ডলি জহুর। রেদোয়ান রনি পরিচালিত ‘দম’সিনেমায় দেখা গেছে তাকে।
এমআই/এলআইএ

