Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

যেখানে আজও জীবন্ত অবিসংবাদিত নেতা শেরে বাংলার স্মৃতি

বরিশালের চাখারে এখনও যেন জীবন্ত শেরে বাংলার স্মৃতি। পুরোনো বসতভিটার আঙিনা, ব্যবহৃত আসবাব, দুর্লভ আলোকচিত্র আর ইতিহাসের নীরব সাক্ষ্য বহন করা সংগ্রহশালা দেখতে প্রতিদিনই...
Homeআবারও রিয়ালের কোচ হচ্ছেন মরিনহো! ঘোষণা কবে

আবারও রিয়ালের কোচ হচ্ছেন মরিনহো! ঘোষণা কবে

পর্তুগিজ কোচ হোসে মোরিনহো স্বীকার করেছেন, স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে যোগাযোগ চলছে। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন অভিজ্ঞ এই কোচ।

বর্তমানে বেনফিকার দায়িত্বে থাকা ৬৩ বছর বয়সী মোরিনহো আগামী মৌসুমে রিয়ালের কোচ হওয়ার দৌড়ে অন্যতম আলোচিত নাম। বর্তমান কোচ আলভারো আরবেলোয়ার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিন সদস্যের সংক্ষিপ্ত তালিকায় মোরিনহো আছেন বলেও বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

তবে শনিবার সংবাদ সম্মেলনে মোরিনহো জানান, রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব তিনি পাননি। যদিও তার এজেন্ট হোর্হে মেন্দেস ক্লাবটির সঙ্গে যোগাযোগ রাখছেন।

মোরিনহো বলেন, ‘আমার ভবিষ্যৎ সম্ভবত এই সপ্তাহেই ঠিক হয়ে যাবে। বেনফিকার কাছ থেকে আমি নতুন চুক্তির প্রস্তাব পেয়েছি। রিয়াল মাদ্রিদের আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাইনি। তবে কিছু একটা হচ্ছে, সেটা অস্বীকার করার উপায় নেই। যদিও সেটা সরাসরি আমার সঙ্গে নয়।’

তিনি আরও বলেন, ‘আমার সময় দরকার, কিছুটা ব্যক্তিগত পরিসরও দরকার। সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।’

২০২৭ সালের জুন পর্যন্ত বেনফিকার সঙ্গে চুক্তি রয়েছে মোরিনহোর। তবে চুক্তিতে এমন একটি ধারা আছে, যার মাধ্যমে মৌসুম শেষে দুই পক্ষই সম্পর্ক ছিন্ন করতে পারবে।

বেনফিকাকে নিয়ে নিজের অনুভূতির কথাও জানিয়েছেন সাবেক চেলসি, ইন্টার মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেড কোচ। ‘বেনফিকা বিশাল এক ক্লাব। এখানে আসার প্রথম দিন থেকেই আমি গর্ব আর দায়িত্ববোধ অনুভব করেছি,’ বলেন মোরিনহো।

এর আগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন মোরিনহো। তার অধীনে লা লিগা ও কোপা দেল রে জিতেছিল লস ব্লাঙ্কোজরা। এবার যদি আবারও রিয়ালে ফেরেন, তবে সেটি হবে তার দ্বিতীয় অধ্যায়।

তবে আনুষ্ঠানিক প্রস্তাব এলে তিনি না বলতে পারবেন কিনা- এমন প্রশ্নে রহস্যই ধরে রেখেছেন মোরিনহো। সংক্ষিপ্ত জবাব ছিল, ‘যদি, যদি, যদি…’।

শনিবার মৌসুমের শেষ ম্যাচে এস্তোরিলকে ৩-১ গোলে হারিয়ে লিগ শেষ করেছে বেনফিকা। পুরো মৌসুমে অপরাজিত থাকলেও ১১টি ড্রয়ের কারণে তারা শেষ পর্যন্ত তৃতীয় স্থানে থেকে চ্যাম্পিয়ন্স লিগের সরাসরি টিকিট হাতছাড়া করেছে।

মৌসুমজুড়ে অপরাজিত থাকার অর্জনকে বিশেষ বলেই মনে করছেন মোরিনহো। তিনি বলেন, ‘এটা আমার ক্যারিয়ারে প্রথম। আটটি লিগ শিরোপা জিতলেও কখনো অপরাজিত থাকতে পারিনি। অবশ্য আমি এই অর্জনের বদলে দুই-তিনটি হার মেনে নিয়েও শিরোপা নিতে রাজি ছিলাম। তারপরও এটা দলের মানসিকতা, ঐক্য আর পারস্পরিক বোঝাপড়ার প্রতিফলন।’

গত সেপ্টেম্বরে ফেনারবাখে ছাড়ার পর বেনফিকার দায়িত্ব নেন মোরিনহো। এখন দেখার বিষয়, আগামী মৌসুমে তিনি বেনফিকাতেই থাকছেন, নাকি আবারও ফিরছেন ইউরোপের অন্যতম বড় ক্লাব রিয়াল মাদ্রিদে।

আইএইচএস/