Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

যেখানে আজও জীবন্ত অবিসংবাদিত নেতা শেরে বাংলার স্মৃতি

বরিশালের চাখারে এখনও যেন জীবন্ত শেরে বাংলার স্মৃতি। পুরোনো বসতভিটার আঙিনা, ব্যবহৃত আসবাব, দুর্লভ আলোকচিত্র আর ইতিহাসের নীরব সাক্ষ্য বহন করা সংগ্রহশালা দেখতে প্রতিদিনই...
Homeকেনিয়ায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৪

কেনিয়ায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৪

জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেনিয়ায় বিক্ষোভ-সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি মানুষ। দেশব্যাপী গণপরিবহন ধর্মঘটের সমর্থনে সাধারণ মানুষ রাস্তায় নেমে এলে পুলিশের সঙ্গে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

গত সোমবারের (১৮ মে) এই বিক্ষোভের পর দেশজুড়ে অন্তত ৩৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন।

টেলিভিশনে দেওয়া এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজকের সহিংসতায় আমরা চারজন কেনীয় নাগরিককে হারিয়েছি। এছাড়া আরও ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।’ তবে দেশের বেশিরভাগ এলাকা শান্ত ছিল দাবি করে তিনি অভিযোগ করেন, ‘অপরাধী চক্র’ ও ‘রাজনৈতিক মহল’ নিজেদের স্বার্থে এই বিক্ষোভকে ব্যবহার করছে।

রাজধানী নাইরোবি থেকে আল-জাজিরার প্রতিনিধি জানান, সোমবার সকাল থেকেই প্রধান সড়কগুলো অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়লে পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয়। বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে রাজধানীর কেন্দ্রস্থলের সড়কগুলো জনশূন্য হয়ে পড়ে।

পরিবহন ধর্মঘটের কারণে রাজধানী নাইরোবি ও দক্ষিণাঞ্চলীয় শহর মোম্বাসাসহ প্রধান শহরগুলোর জনজীবন স্থবির হয়ে পড়েছে। বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষকে দীর্ঘ পথ হেঁটে কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দেখা গেছে।

কেনিয়ার পরিবহন ইউনিয়নগুলো সরকারের কাছে সম্প্রতি বাড়ানো জ্বালানির দাম অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে। গত মাসে তেলের দাম ২৪ দশমিক ২ শতাংশ বাড়ার পর, গত সপ্তাহে আবারও এক ধাক্কায় খুচরা পর্যায়ে জ্বালানির দাম ২৩ দশমিক ৫ শতাংশ বাড়িয়েছে সরকার।

জ্বালানির এই লাগামহীন মূল্যবৃদ্ধির ফলে দেশটিতে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী হয়ে পড়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে চরম সংকটে ফেলেছে।

জ্বালানি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয় এই মূল্যবৃদ্ধির পক্ষে সাফাই গেয়ে জানিয়েছে, ইরানে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের তীব্র সংকটের প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। উপসাগরীয় অঞ্চল থেকে তেল আমদানির ওপর নির্ভরশীল কেনিয়ার মতো আফ্রিকান দেশগুলো মূলত হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সূত্র: আল-জাজিরা
কেএএ/