দেশ-বিদেশে আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ বর্তমানে ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় রয়েছে। তাকে এক নজর দেখতে ভিড় জমিয়েছেন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা।
‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটিকে চিড়িয়াখানায় একটি বড় খাঁচার মধ্যে রাখা হয়েছে। তাকে দেখতে ঈদুল আজহার দিন থেকেই খাঁচার বাইরে ভিড় করছেন দর্শনার্থীরা। চিড়িয়াখানা জুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, মূলত মহিষটি প্রদর্শনের জন্য নিয়ে আসা না হলেও নির্দিষ্ট দূরত্বে থেকে দর্শনার্থীরা দেখার সুযোগ পাচ্ছে।
মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর খাঁচার সামনে দর্শনার্থীদের ভিড়, ছবি: জাগো নিউজ
শুক্রবার (২৯ মে) মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় গিয়ে দেখা গেছে, মহিষটির খাঁচা ঘিরে দর্শনার্থীদের ভিড়।
মহিষটি দেখতে সাভার থেকে বাবা-মায়ের সঙ্গে চিড়িয়াখানায় এসেছে আয়েশা।
তিনি বলেন, ‘এখানে আগেও এসেছি, তবে এবার এসেছি মূলত ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য। এই মহিষের আকৃতি এবং আসল ডোনাল্ড ট্রাম্পের আকৃতির সঙ্গে চুল, চোখসহ অনেকটা মিল আছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আচরণ আর মহিষের আচরণে কোনো মিল নেই।’
তিনি বলেন, ‘ওকে দেখতে অনেক মানুষ এসেছে। ওকে যদি ছেড়ে দেওয়া হতো তাহলে ভালো হতো।’
মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’, ছবি: জাগো নিউজ
পাশেই রূপনগর এলাকা থেকে ডোনাল্ড ট্রাম্পকে দেখতে চিড়িয়াখানায় এসেছেন ইমরুল শাহাদাৎ। তিনি বলেন, ‘এই ডোনাল্ড ট্রাম্প নামের মহিষটা চিড়িয়াখানায় নিয়ে আসার কারণে দর্শনার্থীদের ভিড় বেড়েছে। অন্য খাঁচাগুলোর সামনে তেমন মানুষ নেই। কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে দেখতে খাঁচার পাশে কত মানুষ দেখেছেন?’
তিনি বলেন, ‘আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পকে চিড়িয়াখানায় নিয়ে আসার কারণে চিড়িয়াখানার মার্কেটিং হবে, অনেক মানুষ আসবে।’
মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর খাঁচার সামনে দর্শনার্থীদের ভিড়, ছবি: জাগো নিউজ
ফাতেমা আক্তার নামের আরেক দর্শনার্থী বলেন, চিড়িয়াখানায় এসে ডোনাল্ড ট্রাম্পের খাঁচার পাশে মানুষের উপস্থিতি দেখে মনে হচ্ছে চিড়িয়াখানা প্রাণ ফিরে পেয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে দেখে ভালো লেগেছে, অনেক মিল আছে। চুল, চোখ, মুখের সঙ্গে অনেক মিল আছে।’
তিনি বলেন, ‘আমার বাসা পাশেই। কিন্তু আমি চিড়িয়াখানায় আসি না। আজ মূলত ডোনাল্ড ট্রাম্পকে দেখতেই এসেছি।’
মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর খাঁচার সামনে দর্শনার্থীদের ভিড়, ছবি: জাগো নিউজ
এদিকে আজ সকাল থেকেই পরিবার-পরিজন ও আত্মীয় স্বজন নিয়ে জাতীয় চিড়িয়াখানায় ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। দর্শনার্থীদের উপস্থিতিতে সরগম চিড়িয়াখানা এলাকা।
মহিষটি ঘিরে চিড়িয়াখানায় দর্শনার্থীর ভিড় বেড়েছে কিনা জানতে চাইলে জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, ‘আমরা এমনটা মনে করছি না। সাধারণত ঈদের পরে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় বেশি হয়। আজ বিকেলের দিকে আরও ভিড় বাড়বে। আমরা আশা করছি প্রতি বছরের মতো আজ লক্ষাধিক দর্শনার্থীর উপস্থিতি হবে।’

মহিষটির (ডোনাল্ড ট্রাম্পের) বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা বন্যপ্রাণী সম্পর্কিত শিক্ষা ও গবেষণার একটি কেন্দ্র। সম্প্রতি অ্যালবিনো জাতের একটি মহিষ চিড়িয়াখানায় যুক্ত হয়েছে। এটা প্রকৃতপক্ষে জিনগত বৈশিষ্ট্যের কারণেই স্বাভাবিক মহিষ থেকেও অ্যালবিনো মহিষ সৃষ্টি হতে পারে। এই মহিষটিকে মূলত আমরা চিড়িয়াখানায় এনেছি সংরক্ষণ করার উদ্দেশ্যে এবং কিছু গবেষণার উদ্দেশ্যে। এখানে আমরা মহিষটি সংরক্ষণ করবো। আমাদের যে সমস্ত গবেষণা কেন্দ্র রয়েছে, বিশ্ববিদ্যালয় রয়েছে তারা এই মহিষটি নিয়ে গবেষণা করবে। এখানে অ্যালবিনিজম, এটিকে কাজে লাগিয়ে উৎপাদন বাড়ানো যায় কিনা সেই বিষয়গুলো এবং মহিষটির যে বৈশিষ্ট্য সেই বিষয়গুলো বিষদভাবে স্টাডি করবো।’
তিনি বলেন, প্রকৃতপক্ষে এই মহিষটি প্রদর্শনের জন্য আমরা এখানে নিয়ে আসেনি। তবে একটা নির্দিষ্ট দূরত্বে থেকে দর্শনার্থীরা অবশ্যই দেখতে পারবেন।
কেআর/এমএমএআর

