ঈদুল আজহার ছুটি কাটিয়ে ঢাকার মোহাম্মদপুরে ফিরে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী। চাপাতির ভয় দেখিয়ে তাদের কাছ থেকে ব্যাগ, লাগেজ ও মোবাইল নিয়ে গেছে ছিনতাইকারীরা।
শনিবার (৩০ মে) দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা গেছে, দুই নারী রিকশা থেকে বাসার সামনে এসে নামেন। বাসায় ঢোকার মুহূর্তে লুঙ্গি পরা এক যুবক চাপাতি হাতে তাদের দিকে এগিয়ে আসেন। তার পেছনে আসেন আরেক যুবক।
হাতে চাপাতি থাকা যুবক কিছু একটা বলে প্রথম রিকশাচালককে ধাক্কা দেন। পরে চাপাতির ভয় দেখিয়ে ব্যাগ, লাগেজ ও মোবাইল নিয়ে নেন তারা। নারীদের অলংকার ও মোবাইল ফোন নিতে তাদের তল্লাশি করতে দেখা গেছে।
আরও পড়ুন
মতিঝিলে নারীর কানের দুল ছিনতাইয়ের চেষ্টা
এ বিষয়ে সোমবার (১ জুন) মোহাম্মদপুর থানার পরিদর্শক রাকিবুজ্জামান রাকিব বলেন, ওই দুই নারী ঠাকুরগাঁও থেকে বাসে করে এসে ঢাকার শ্যামলীতে নামেন। পরে রিকশায় করে মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসার সামনে গেলে তারা ছিনতাইকারীদের কবলে পড়েন।
ছিনতাইকারীরা অস্ত্রের মুখে দুই নারীর কাছে থাকা ব্যাগ ও লাগেজ নিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়া চলছে বলে পরিদর্শক রাকিবুজ্জামান রাকিব জানিয়েছেন।
তিনি বলেন, এক ছিনতাইকারীকে শনাক্ত করতে পেরেছি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
টিটি/বিএ

