নেত্রকোনার পূর্বধলার চিকনি বিলে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার বিষম্ভপুর গ্রামের চিকনি বিলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের তারাকান্দা থেকে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিষম্ভপুর গ্রামের একিন আলীর বাড়িতে বেড়াতে আসেন কয়েকজন আত্মীয়। পরে তারা পাঁচ-ছয়জন মিলে গ্রামের চিকনি বিলে একটি ছোট কাঠের নৌকায় ভ্রমণে বের হন। নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ওঠায় একপর্যায়ে সেটি ডুবে যায়।
দুর্ঘটনায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কলোহরি গ্রামের মনসুর আলীর স্ত্রী জমিলা আক্তার (৩০) এবং গৌরীপুর উপজেলার হাসনপুর গ্রামের আবু তাহেরের মেয়ে নুসরাত (৮) গুরুতর আহত হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত হয়েছেন পূর্বধলা উপজেলার বিষম্ভপুর গ্রামের আসমত আলীর মেয়ে মিম (১২)। তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, নৌকায় অতিরিক্ত যাত্রী ওঠার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এইচ এম কামাল/কেএইচকে/জেআইএম

