বিশ্বকাপ ফুটবলের জমজমাট লড়াই শুরু হতে বাকি আর ১০ দিন। এরই মধ্যে বিশ্বজুড়ে ফুটবল প্রিয় মানুষদের বিশ্বকাপ দেখার নানা প্রস্তুতি শুরু হয়ে গেছে। চায়ের টেবিলে ঝড় উঠতে শুরু করেছে বিশ্বকাপের আলোচনা নিয়ে। পক্ষে-বিপক্ষে যুক্তি-তর্কতো আছেই। বিজ্ঞরা শুরু করেছেন চুলচেরা বিশ্লেষণ।
এবারের বিশ্বকাপ কেমন হবে, কোন দলের সম্ভাবনা বেশি এবং প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপ হতে যাচ্ছে তিন দেশে, সেই আয়োজনই কেমন হবে? এসব নিয়ে ‘বিশ্বকাপ ভাবনায়’ আজ কথা বলেছেন দেশের বর্ষিয়ান ক্রীড়া সংগঠক, সাবেক ফুটবল ও হকি খেলোয়াড় এবং স্বাধীন বাংলা ফুটবল দলের সহ-অধিনায়ক প্রতাপ শঙ্কর হাজরা।
সাবেক তারকা এই ক্রীড়াবিদ মনে করেন, ‘ক্রীড়ামোদীদের জন্য সবচেয়ে সুন্দর আয়োজনের নামই হচ্ছে বিশ্বকাপ ফুটবল। এই আয়োজন এখন অনেক বেশি জমজমাট। কারণ, কেবল অংশগ্রহণকারী দেশগুলোরই নয়, অন্যান্য দেশের তরুণ প্রজন্মও খেলাধুলার দিকে ঝুঁকে পড়ছে। যে খেলারই মানুষ হোক, বিশ্বকাপ ফুটবলে সবাই সমান আনন্দ করেন।’
তবে এবার টিকিটের সংকট, আকাশচুম্বী মূল্য নিয়ে হতাশা প্রকাশ করে এই বর্ষিয়ানন ক্রীড়া ব্যক্তিত্ব বলেছেন, ‘খেলার টিকিট আরো সহজলভ্য করা উচিত। বিশেষ করে ফিফার সদস্য দেশগুলোর জন্য মূল্য ছাড় দিয়ে টিকিট বরাদ্দ বৃদ্ধি করলে আরো দর্শকের খেলার দেখার সুযোগ বাড়তো। এই ধরুন বাংলাদেশকে দিলো দিল ২০০ টিকিট এবং সেটা ২৫ শতাংশ কমে। আসলে এটা তো বিনোদন। তাই টিকিট সেভাবেই সহজলভ্য করা উচিত। বিশ্বকাপের টিকিটের মূল্য এখন দর্শকদের জন্য পেইনফুল।’
অন্যান্য আসরের চেয়ে এবার বাংলাদেশে উম্মাদনা একটু পরে শুরু হয়েছে। সেটার কারণ কি শুধুই টিকিটের সমস্যা? প্রতাপ শঙ্কর হাজরা এর সাথে যোগ করেছেন কিছু বিষয়। ‘টিকিটের মূল্য তো সবার ওপর প্রভাব ফেলে না। কতজন আর খেলা দেখতে যান? তাই টিকিট ইস্যু একটা মাত্র কারণ হতে পারে। আসলে আমাদের দেশের এখনকার সার্বিক যে অবস্থা সেটাও একটা কারণ। আরেকটি কারণ হচ্ছে- আমাদের ইয়ং জেনারেশনের একটা বড় অংশ রাজনীতিতে ঢুকে গেছে। খেলাধুলায় সেভাবে থাকে না।’
অনেকে মনে করেন এবার দল বেড়েছে, বিশ্বকাপ হচ্ছে তিন দেশে এসব কারণেও একটু উচ্ছ্বাসের ঘাটতি হতে পারে। আপনি কি মনে করেন? ‘আসলে
৪৮ টা দলের খেলা। কারা খেলছে সেটা মনে রাখাই কঠিন। বিশ্বকাপ শুরু হলে যেমন একজনের বাড়িতে আলোচনা হয় ব্রাজিল চ্যাম্পিয়ন হবে, আরেকজনের বাড়িতে আর্জেন্টিনা। এর বাইরে তেমন আলোচনা থাকতো না। এখন এতগুলো দলের মধ্যে কোনটা চ্যাম্পিয়ন হবে, কোন দলকে সমর্থন করবে এটা একটা ব্যাপার। আরেকটা বিষয় হলো কোন দলের কবে ম্যাচ সেটা মনে রাখারও কঠিন। আগে যখন কম দলের বিশ্বকাপ ছিল সবার দলগুলোর নাম মুখস্ত ছিল। এখন তো ৪৮ জনের নাম কারো বলা সম্ভব না।’
প্রতাপ শঙ্কর হাজরা মনে করেন এবার প্রতিষ্ঠিত তারকাদের মধ্যে অনেকেই নামের সাথে সুবিচার করে পারফরম্যান্স করতে পারবেন না। কারণ, অনেকেরই বয়স হয়ে গেছে। বিশ্বকাপের অন্যতম আকর্ষণ হিসেবে তিনি ব্রাজিলের ছন্দময় ফুটবল ও কিছু তারকার কারিশমাকেই প্রধান হিসেবে দেখছেন। প্রতাপ শঙ্কর হাজরা বলেন, ‘বর্তমানে মেসি-নেইমারের কাছাকাছি অনেক ভালো খেলোয়াড় আছেন। যেমন এমবাপে। তবে এক সময় ব্রাজিলের খেলায় একটি আলাদা আকর্ষণ ছিল। দলটির সবাই একটি বিশেষ স্তরের ফুটবলার ছিলেন। যার ফলে তারা পরপর কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছিল।’
ব্যক্তিগতভাবে আপনি কোন দলকে সমর্থন করেন? প্রতাপ শঙ্কর হাজারার উত্তর ‘ছোটবেলা থেকেই আমি ব্রাজিলের সমর্থক। ১৯৫০ সালে ব্রাজিলে যেবার বিশ্বকাপ হয় তখন থেকেই ব্রাজিলের খেলা পছন্দ করি, সমর্থন করি।’
ব্রাজিলের খেলার বর্তমান কি অবস্থা এবং সম্ভাবনাই বা কেমন? প্রতাশ শঙ্কর হাজরা বলেন,‘ব্রাজিলের কাছে জয়-পরাজয়ের চেয়ে সুন্দর ফুটবলটা বেশি গুরুত্বপূর্ণ। এই যেমন ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭ গোলের ম্যাচের কথাই বলি। যখন ৭ গোল হজম করেছে তখনও কিন্তু ব্রাজিলের খেলার স্টাইল চেঞ্জ হয়নি। মনে হচ্ছিল ওই অবস্থা থেকেই তারা ম্যাচ বের করে নিয়ে আসবে। সেভাবে জেতার জন্যই খেলছে। সেটা তাদের সুন্দর ফুটবল প্রদর্শন অব্যাহত রেখেই। আর আমাদের এখানে শুধু জেতার জন্য খেলে। সেখানে ফুটবলের সৌন্দর্য্যটা থাকে না।’
এবারের বিশ্বকাপে তিন তারকা ফুটবলার মেসি, রোনালদো ও নেইমার প্রসঙ্গে স্বাধীন বাংলা ফুটবল দলের সহ-অধিনায়কের মূল্যায়ন এমন, ‘মেসি, রোনালদো এবং নেইমারের এখন বয়স হয়ে গেছে। তাই আগের মতো তাদের দাপট হয়তো থাকবে না।’
চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনার দিক দিয়ে কোন দেশকে এগিয়ে রাখবেন? প্রতাপ শঙ্কর হাজার জবাব, ‘এবার ইউরোপের কোনো দলের বিশ্বকাপ জেতার সম্ভাবনা বেশি। সেই তালিকায় আমি ফ্রান্সকেই এগিয়ে রাখবো। আর আমার চোখে সম্ভাবনার তালিকায় দ্বিতীয় স্থানে আছে ক্রোয়েশিয়া।’
ইউরোপের আরেক দল ইতলি নিয়েও কথা বলেছেন সাবেক এই ফুটবলার, যে দলটি টানা তিন বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। প্রতাপ শঙ্কর হাজরা বলেছেন,‘ইতালির মতো দলের টানা তিনবার বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারাটা দুঃখজনক। আমি মনে করি, এটা বিশ্বকাপের জন্য একটা খারাপ খবর। বিশ্বকাপের মতো বড় আসরে ইতালি খেলা সব সময়ই সৌন্দর্য্য বাড়িয়েছে। এ ক্ষেত্রে আমি একটু ক্রিকেটের তুলনা করবো।’
‘এক সময় বিশ্ব ক্রিকেটে শক্তিশালী দল ছিল ওয়েস্ট ইন্ডিজ। দলটি এখন পিছিয়ে পড়েছে। তাতে কিন্তু ক্রিকেটের বিশ্বকাপ কিছুটা সৌন্দর্য্য হারিয়েছে। তাই যখন ভালো ভালো দলের উপস্থিতি থাকবে বিশ্বকাপের মতো আসরে তখন সেই প্রতিযোগিতার আকর্ষণও বেশি হবে।’
আরআই/আইএইচএস/

