Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

মুন্সিগঞ্জে ট্রাকচাপায় কিশোর নিহত, চালককে গণপিটুনি

মুন্সিগঞ্জের টংগীবাড়ীতে ট্রাকচাপায় সিয়াম হাওলাদার (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) সন্ধ্যা ৭টায় উপজেলার আউটশাহী ইউনিয়নের বলই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত...
Homeঈদের ছুটি শেষে অফিস-আদালত-ব্যাংক খুলছে আজ

ঈদের ছুটি শেষে অফিস-আদালত-ব্যাংক খুলছে আজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শেষে আজ সোমবার (১ জুন) খুলছে সরকারি-বেসরকারি সব অফিস, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার। ‌এ বছর ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। দীর্ঘ ছুটি শেষে আজ কর্মজীবী মানুষরা নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন।

এরইমধ্যে ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের সংখ্যা বেড়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষরা। রোববারও ঢাকায় ফিরেছেন অনেকে। ফলে রাজধানীর বিভিন্ন সড়কেও যানবাহনের চাপ বেড়েছে।

ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কর্মচাঞ্চল্য তুলনামূলক কম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিন অনেকেই কর্মঘণ্টার একটা বড় অংশ সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশলবিনিময় করে কাটাবেন।

গত ২৮ মে দেশে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়। ঈদুল আজহা উপলক্ষে আগে থেকেই ৬ দিন ছুটি নির্ধারণ করে রেখেছিল সরকার।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়িয়ে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করা হয়। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি ব্যাংক, বিমা ও অন্যান্য বেসরকারি চাকরিজীবীরা এই ছুটি ভোগ করেন।

তবে, ঈদের ছুটির আগে ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস করেছেন চাকরিজীবীরা।

ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। ঈদুল আজহার আগে ২৬ ও ২৭ মে দুদিন এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিনদিনসহ মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি ভোগ করেন চাকরিজীবীরা।

ছুটির আওতার বাইরে ছিলেন যারা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীগণ ছুটির আওতার বাইরে ছিলেন।

এছাড়া, হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এবং জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিস ছুটির আওতার বাইরে ছিল।

এসএনআর