বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীর মোহনায় জেলেদের জালে একটি রহস্যময় যান্ত্রিক বস্তু ধরা পড়েছে। বস্তুটির সঙ্গে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রাংশ ও তারের সংযোগ থাকায় স্থানীয়দের মধ্যে মিসাইল, ড্রোন বা বোমা সদৃশ কোনো বস্তু ভেবে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (১ জুন) দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। এর আগে রোববার বিকেলে উপজেলার দক্ষিণ চরদোয়ানী এলাকার বলেশ্বর নদীতে স্থানীয় মিরাজ হাওলাদারের মালিকানাধীন একটি ট্রলারের জেলেরা মাছ ধরার সময় বস্তুটি উদ্ধার করেন।
জেলে ও স্থানীয় সূত্রে জানা গেছে, নদীতে জাল টেনে তোলার সময় এ ডিভাইসটি আটকে ওঠে। এর গঠন ও তারের সংযোগ দেখে জেলেরা সেটিকে মিসাইল বা টর্পেডো ভেবে আতঙ্কিত হয়ে পড়েন এবং মাছ ধরা বন্ধ করে ঘাটে ফিরে আসেন। পরে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল করা হলে পাথরঘাটা থানা পুলিশ ঘাটে গিয়ে বস্তুটি উদ্ধার করে।

ট্রলার মালিক মিরাজ হাওলাদার জানান, জালে আটকে বস্তুটির কিছু অংশ ভেঙে গেছে এবং কোনো দুর্ঘটনার আশঙ্কায় তারা দ্রুত পুলিশকে খবর দেন।
পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) শোহান জাগো নিউজকে জানান, বস্তুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে এটি কোনো রেসিং বোট বা আধুনিক জলযানের নিচের অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিশদ পরীক্ষা-নিরীক্ষার পরই বস্তুটির প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া যাবে।
নুরুল আহাদ অনিক/কেএইচকে/জেআইএম

