ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী স্থগিতের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জেলার ১০টি সাংস্কৃতিক সংগঠন। সোমবার (১ জুন) এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলোর নেতারা এ ঘটনার প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, গত ৩০ মে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে নির্মাতা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। তবে একটি মহল ধর্মীয় আবেগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলচ্চিত্রটির বিরুদ্ধে প্রচারণা চালায়। এর পরিপ্রেক্ষিতে ভেন্যু কর্তৃপক্ষ পূর্বের অনুমতি প্রত্যাহার করলে প্রদর্শনীটি স্থগিত হয়ে যায়।
একই দিনে কসবা উপজেলার তালতলা গ্রামে স্থানীয় তরুণদের উদ্যোগে চলচ্চিত্রটি প্রদর্শনের আরেকটি আয়োজনও বন্ধ হয়ে যায়। বিবৃতিতে অভিযোগ করা হয়, স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে ওই প্রদর্শনী বন্ধ করা হয়েছে।
সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া ওস্তাদ আলাউদ্দীন খাঁ, কবি আল মাহমুদসহ অসংখ্য গুণীজনের স্মৃতিবিজড়িত একটি জেলা। দীর্ঘদিন ধরে এ অঞ্চলে সাংস্কৃতিক চর্চা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। এমন একটি জেলায় সরকার অনুমোদিত একটি চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘বনলতা এক্সপ্রেস’ বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন আইন, ২০২৩ অনুযায়ী প্রদর্শনের অনুমতি পেয়েছে এবং দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। নির্মাতা তানিম নূর নিজেও ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। ফলে তাঁর নিজ জেলায় চলচ্চিত্রটি প্রদর্শন করতে না পারার বিষয়টি আরও বেদনাদায়ক।
সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, চলচ্চিত্র একটি স্বীকৃত শিল্পমাধ্যম, যা সমাজ, রাষ্ট্র, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে মানুষের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই কোনো ধরনের অসহনশীলতা, উগ্রতা কিংবা অগণতান্ত্রিক আচরণের মাধ্যমে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হওয়া কাম্য নয়।
বিবৃতিতে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার প্রবণতার নিন্দা জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেন ব্রাহ্মণবাড়িয়া অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্র, খেলাঘর, উদীচী, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, বাংলাদেশ মহিলা পরিষদ, আবরণী, কবির কলম, চারণ, সোনালি সকাল এবং আজকের সংস্কৃতি সংগঠনের নেতারা।
এলআইএ

