রাজশাহীর পুঠিয়ায় স্বামীর সহযোগিতায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে কবিরাজের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।
এ ঘটনায় সোমবার (১৮ মে) বিকেলে বেলপুকুর থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। মামলার পুঠিয়া উপজেলার চক ধাঁধাস গ্রামের বাসিন্দা হামিদ ফকির (৬৭) ও তার স্বামী মো. রুবেলকে (৩৫) আসামি করা হয়েছে।
অভিযুক্ত হামিদ ফকিরের বাড়ির পাশেই একটি আস্তানা রয়েছে। সেখানে বিভিন্ন এলাকা থেকে অনুসারীরা যাতায়াত করেন। ওই নারীর স্বামীও তার অনুসারী বলে জানা গেছে। ছয় মাস আগে ওই নারীর সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সম্প্রতি বাজারে নিয়ে যাওয়ার কথা বলে ওই নারীকে হামিদ ফকিরের আস্তানায় নিয়ে যান তার স্বামী। সেখানে স্বামীর সহযোগিতায় নারীর হাত-পা বেঁধে হামিদ ফকির তাকে ধর্ষণ করেন।
ঘটনার পর বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন ভুক্তভোগীর স্বামী। পরে সুযোগ বুঝে স্বামীর বাড়ি থেকে পালিয়ে যান ওই নারী। এরপর তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে সোমবার থানায় গিয়ে স্বামী ও হামিদ ফকিরের বিরুদ্ধে মামলা করেন।
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘ভুক্তভোগী নারীর অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক। তাদের গ্রেফতারে অভিযান চলছে।’
মনির হোসেন মাহিন/এসআর/এমএস

